15 July 2008

গড়ার জন্য ভেঙে ফেলা...


ধরাধামে ঝড় নামে ; মেঘেদের তূর্য
হেঁকে ওঠে , ঢেকে যায় ভাস্বর সূর্য ।
বর্জ্র-নিনাদে ফেটে চৌচির দম্ভ,
থরথর ত্রাসে কাঁপে অহমের স্তম্ভ ।
ধূলি ওড়ে ভূমি ফুঁড়ে কুন্ডুলি পাকিয়ে,
দৈত্যেরা পথ চলে যেন ঘোড়া হাঁকিয়ে !

অবলীলে ভেঙে-চূড়ে সুখ-নীড় আহা কার_?
খড়-সম উড়ে যায়। নিঃস্বের হাহাকার
চারিধারে কেঁদে ফেরে ! বাতাসের তান্ডব
কেড়ে নেয় প্রিয়জন, সুকোমল বান্ধব।

বিজলীর ঝলসানী , বজ্রের হুংকার;
শংকাতে দেহে আছে অবশেষ খুন-কার ?
ধ্বংসের উৎসবে বারি-ধারা উপচায়,
ধরনীরে বিনাশিতে ঝড়োবায়ু খুব চায়।
চারিধারে ঘনঘোর আঁধারের কালোতে
পিলে চমকানো হাসি বজ্রের আলোতে
তান্ডবে মনে ভাসে কিয়ামত রাত্রি
মরনের বন্দরে ধরা আজ যাত্রী !!

ঝড় শেষে পরিবেশে ধ্বংসের স্তুপ,
জীবনের কোলাহল হয়ে গেছে নিঃশ্চুপ ।

ওল্টানো গাছেদের ভাঙা মেরুদন্ড-
বলে দেয় সব আশা আয়োজন পন্ড !

চালু করে জীবনের থমকানো গতিকে
পারবে কি কাটাতে গো এ-বিশাল ক্ষতিকে ?

দুর দুর ! কভূ মোরা দেবো না তো আশা বাদ ,
নব উদ্যমে হবে সাহসের চাষাবাদ ।
ভাঙনের তীর ধরে জমে পলি আস্তর -
মেঘ-ফুঁড়ে মহাতেজে হেসে ওঠে ভাষ্কর !
প্রলয়ের দোলা-মাঝে ভৈরব বৈশাখে...
জীবনের নয়া-সুর বজ্রের ঐ-শাঁখে !

সব থামে, থামে না-রে ক্রন্দন মা-হারার
হৃদয়েতে গুমড়ায় ক্ষোভানল সাহারার!!

ভেঙে-চূরে গড়ে নব-ধরা কাল-বোশেখী
তবু হায় হৃদয়ের দাগ গুলি মোছে-কি !

মনে বড় জ্বালা রে , পাঞ্জাবীওয়ালা

আমার খালাত ভাইয়ের নাম লালন..
কুষ্টিয়ার লালন ফকিরের পরে আর কয়জনের নাম লালন রাখা হয়েছে জানিনা..
তবে আমি আমার জীবনে ওকে ছাড়া আর কাউকে দেখিনি ।

আমার থেকে বয়সে মিনিমাম দুই বছরের বড় । তবুও তুই-তোকারি সম্পর্ক ।

আমাদের মামাত-চাচাত-ফুপাত-খালাত সম্পর্কের অগনিত ভাই বোনদের মধ্যে একমাত্র লালনের ই সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছে মাদ্রাসায় পড়ার । আমার খালু চরমোনাই পীর ছাহেবের মুরিদান, তার শখ অন্তঃত তার একটা ছেলেকে মাদ্রাসায় পড়াবেন । সেই ইচ্ছাপূরনের বলি হলো খালুর মেঝো ছেলে লালন ।

হাইস্কুলের পাশেই মাদ্রাসা । মাদ্রাসার পিছনে আমাদের বাসা । লালন ক্লাশ শেষে অথবা ক্লাশের ফাকে তার খালাম্মার সাথে দেখা করতে আসে ।

বেশিক্ষণ থাকেনা লালন ।
আম্মা বলেন, লালু, এত তাড়াহুরা করিস না তো..

লালন একদিন বলেই ফেলে, নাহ, পোলাপান সব চইলা যাইবো, তহন যাইতে অইবো একলা.. !!

আমি বলি , একলা যাইতে পারবিনা, এইডা কেমন কতা ?

লালন জবাব দেয়, সবাইর লগে যাইতে অইবো, এই পাঞ্জাবী গায় দিয়া একলা একলা যাইতে শরম করে...যাই...